ক্রীড়া ডেস্ক

  ১০ ঘণ্টা আগে

বিশ্বকাপ ফুটবল-২০২৬

দশজনের সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

প্রথমার্ধে ঠিক চেনা ছন্দে ছিল না আর্জেন্টিনা। লিওনেল মেসির কর্নারে ম্যাক আলিস্টারের গোল ছাড়া তেমন কোনো আক্রমণও করতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। বরং সুইজারল্যান্ডের খেলা ছিল অনেকটা প্রাণবন্ত। বল পজিশনেও এগিয়ে ছিল সুইসরা। দ্বিতীয়ার্ধে গোলটিও শোধ দিয়ে দেয় তারা। তবে নাটকীয়তা হয় ম্যাচের ৭২ মিনিটে। ইচ্ছাকৃত ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখেন ব্রিল এমবোলো। দলের সেরা ফুটবলারের লাল কার্ডে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে সুইজারল্যান্ড। সুযোগটা কাজে লাগিয়ে পথ খুঁজে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।

নির্ধারিত ৯০ মিনিটে জয়ের দরজা বন্ধ ছিল। অতিরিক্ত সময়েও একের পর এক আক্রমণ ব্যর্থ হচ্ছিল। সুইজারল্যান্ড ১০ জন নিয়েও বুক চিতিয়ে লড়ছিল। ঠিক তখনই আবির্ভাব হুলিয়ান আলভারেজের। ১১২ মিনিটে তার অসাধারণ এক বাঁকানো শট ভেঙে দেয় সুইস দেয়াল। যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের আরেকটি গোলে ৩-১ ব্যবধানে জয়ের সিলমোহর বসিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালের তাদের প্রতিপক্ষ নরওয়েকে ২-১ গোলে হারানো ইংল্যান্ড।

ক্যানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণে ধার দেখায় আর্জেন্টিনাই। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে দারুণ এক হেডে গোল করেন আলেক্সিস মাক আলিস্টার। বিশ্বকাপে এটি ছিল মেসির রেকর্ড দশম অ্যাসিস্ট। গোলের পর আর্জেন্টিনা কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়লে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে সুইজারল্যান্ড। মাঝমাঠ থেকে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করলেও তবে প্রথমার্ধে এমিলিয়ানো মার্টিনেজকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি সুইসরা। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে চিত্র পাল্টে যায়। আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সুইজারল্যান্ড। সেই চাপের পুরস্কারও পেয়ে যায় তারা। ৬৭ মিনিটে রিকার্দো রদ্রিগেসের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বাম প্রান্ত থেকে ভেতরে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে সমতা ফেরান দান এনদোয়ে। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে কয়েক মিনিট পরই। প্রথমে লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি জোয়াও পিনেইরো। কিন্তু ভিএআরের পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। পারেদেসের কার্ড বাতিল করে অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ দেখানো হয় ব্রিল এমবোলোকে। মুহূর্তেই ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

একজন বেশি নিয়ে খেলেও নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। যোগ করা সময়ে মেসির বাঁ পায়ের শট অল্পের জন্য বাইরে চলে যায়। অতিরিক্ত সময়েও একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। গ্রেগর কোবেল দুর্দান্ত সেভ করে আলমাদা, মেসি ও রোমেরোর প্রচেষ্টা ব্যর্থ করে দেন। মনে হচ্ছিল, ম্যাচটি বুঝি গড়াবে টাইব্রেকারে। কিন্তু চ্যাম্পিয়নদের অপেক্ষা ছিল অন্য এক নায়কের। ১১০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন হোসে মানুয়েল লোপেস। ২ মিনিট পর তার বাড়ানো বল ডি-বক্সের বাম প্রান্তে পেয়ে অসাধারণ এক বাঁকানো শটে কোবেলকে পরাস্ত করেন আলভারেজ। বিশ্বকাপে এবার নিজের প্রথম গোলটিই করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে।

সুইজারল্যান্ড এরপর মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায়। কিন্তু অতিরিক্ত সময়ের যোগ করা প্রথম মিনিটে তাদের সব আশা শেষ করে দেয় আর্জেন্টিনা। গ্রানিত জাকার কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করেন আলভারেজ। থিয়াগো আলমাদার শট প্রথমে ঠেকিয়ে দেন কোবেল। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি লাউতারো মার্টিনেজ। ফাঁকা জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করেন তিনি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠেন মেসি ও তার সতীর্থরা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে বর্তমান চ্যাম্পিয়নরা আবারও জানিয়ে দিল, নকআউট মঞ্চে তাদের হারানো কখনোই সহজ নয়। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়