নিজস্ব প্রতিবেদক

  ১৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরো ১৫৯ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ ও নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪১। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৯৪৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৫৯ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১২ হাজার ৭৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৬ হাজার ৬২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে রয়েছে।

দেশে চলতি বছরের শুরুতেই হামের প্রাদুর্ভাব শুরু হয়। কিন্তু তখন এ প্রকোপ মোকাবিলায় কোনো প্রচেষ্টাই নেওয়া হয়নি। মারাত্মক ভাইরাসজনিত এ রোগের সংক্রমণ বাংলাদেশ একেবারেই কমে এসেছিল। গত প্রায় ৭ বছরে কোনোবারই হামে ৪০০-এর বেশি সংক্রমণ হয়নি কোনো বছর। আর মৃত্যু তো ছিলই না। এর কারণ ছিল নিয়মিত টিকাদান। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা দিতে চরম অবহেলা করা হয়। এ কারণেই এবারের হামের এত সংক্রমণ ও মৃত্যু। জাতিসংঘের সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকাদানে অবহেলার কথা বলেছে তাদের একাধিক প্রতিবেদনে।

টিকাদানের ক্ষেত্রে সফল হিসেবে বিবেচিত বাংলাদেশে হামে এত সংক্রমণ ও মৃত্যুর ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। টিকাদানের সফলতার গুরুত্বপূর্ণ সহযোগী জাতিসংঘের সংস্থা ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া গত মে মাসে এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ। হামের ব্যাপক প্রাদুর্ভাবের মুখে গত ৫ এপ্রিল থেকে দেশের ৩০ স্থানে হামের টিকা দেওয়া শুরু হয়। আর ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে টিকা দেওয়া শুরু হয়। এরপরও হামের প্রকোপ যেমন কমেনি, তেমনি কমেনি শিশুর মৃত্যু।

প্রকোপ শুরু হওয়ার পর থেকে হামকে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করার দাবি ওঠে জনস্বাস্থ্যবিদদের পক্ষ থেকে। তবে সরকার এসব উদ্বেগে কর্ণপাত করেনি। সরকারের হামের টিকাদান কর্মসূচিতে অন্তত ৪০ লাখ শিশু বাদ পড়ে গেছে। সরকারের সাম্প্রতিক ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের আওতায় যত শিশু পৌঁছেছিল, হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত তার তুলনায় প্রায় ৪০ লাখ কম শিশুকে টিকা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ঘাটতি দেশে চলমান হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকার একটি কারণ হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়