বিনোদন প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

বন্যার্তদের জন্য পুড়ছে মেহজাবীনের মন

দেশজুড়ে দেখা দিয়েছে অতিবৃষ্টি। পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর অনেক অঞ্চল বন্যায় কবলিত। এদিকে রাজধানী ঢাকাতেও দুদিন ধরে বৃষ্টিপাতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরজীবন প্রায় অচল।

এমন প্রাকৃতিক দুর্যোগে অন্য অনেকের মতো বিষণ্ণ তারকারাও। সহমর্মিতার পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানাচ্ছেন তারা।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুক বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।’

চট্টগ্রামের বেশ কিছু এলাকায় গত কয়েক দিন ধরে বন্যা। হাজারো মানুষ আশ্রয়হীন, দিন কাটছে দুর্দশায়। এই জেলারই মানুষ অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুকে তিনি কিছুটা অভিমান করেই লিখলেন, ‘আমার চট্টগ্রাম ভালো নাই! বাঁশখালি, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবন ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোনোআওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে! কুমিল্লা-নোয়াখালী-ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল, তা নিয়ে উদ্ধার করতে গিয়েছিল! আজকে এই বন্যাপীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নাই, কোনো আওয়াজ নাই! আল্লাহ আপনি রহম করেন।’

প্রসঙ্গত, ২০২৪-এর বন্যায় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও একত্রিত হয়ে সহযোগিতা পাঠিয়েছিলেন। এবার এখনো তেমন কোনো উদ্যোগের খবর পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়