বিনোদন প্রতিবেদক
দীর্ঘদিন পর এস আই টুটুলের নতুন গান

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। দীর্ঘদিন পর টুটুলের কণ্ঠে নতুন একটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘এখন আমার মন ভালো নেই’। গানটির সুর সঙ্গীত করেছেন এই প্রজন্মের তরুন সুরকার সঙ্গীত পরিচালক সম্রাট আহমেদ। গানটি লিখেছেন ফারুক আনোয়ার। গানটি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘এখন আমার মন ভালো নেই গানটির সুর আমার কাছে খুব ভালোলেগেছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। এরইমধ্যে গানের সব কাজ শেষ। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। আমি খুব আশাবাদী আমার নতুন এই মৌলিক গানটি নিয়ে।’ সম্রাট জানান, শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। সম্রাট আহমেদ বলেন, ‘টুটুল ভাই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন গুণী সঙ্গীতশিল্পী। এরইমধ্যে আমি বাংলাদেশের অনেক সিনিয়র শিল্পী যেমন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম, খুরশীদ আলম স্যার’সহ আরো বেশ কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে কাজ করেছি। তারা আমার সুরে গান গেয়েছেন। এটা আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি। সেই ধারাবাহিকতায টুটুল স্যারও আমার সুরে এখন আমার মন ভালো নেই গানটি গেয়েছেন। আমি গানটি নিয়ে সত্যিই খুব আশাবাদী।’ চিত্রনায়ক কায়েস আরজু অভিনীত প্রথম সিনেমা হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমায় টুটুলের গাওয়া ‘হও যদি তুমি নীল আকাশ আমি মেঘ হবো আকাশে’ গানটি এখনো শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়। টুটুলের কণ্ঠে এছাড়াও আরো বহু জনপ্রিয় গান রয়েছে। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ‘যায় কী ছেড়া বুকের পাজর’, ‘যায় দিন যায় একাকী’, ‘হৃদয়ের লেনা দেনা’, ‘কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে’, ‘ধ্রুবতারা’, ‘ও কারিগর দয়ার সাগর ওহে দয়াময়’, ‘নিঃশ্বাস আমার তুমি জানে এ দুনিয়া’, ‘হৃদয়ে লিখেছি তোমারই নাম হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম’ ইত্যাদি।
"









































