বিনোদন প্রতিবেদক
বিটিভির নতুন ধারাবাহিক ‘তবুও জীবন’

বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য এরইমধ্যে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মণ্ড। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কবির টুটুল ও সুমনা সোমা। নাটকে তারা স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন বলে জানালেন সোমা। কবির টুটুল বলেন, ‘ডায়মণ্ড ভাই এই দেশের একজন গুণী নির্মাতা। তার পরিচালনায় কাজ করাটা সত্যিই অনেক ভালোলাগার বিষয়। তিনি এতো চমৎকার গল্প লিখেন এবং এতো চমৎকার নির্র্দেশনা দেন যে মুগ্ধ হয়ে যাই। সবকিছু তিনি এতোটাই গুছিয়ে দেন যে অনায়াসে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলা যায়। আর সহশিল্পী হিসেবে সুমনা সোমাও দারুণ। ভীষণ ভালোলাগালো তার সঙ্গে কাজ করে।’
সুমনা সোমা বলেন, ‘ডায়মণ্ড ভাইয়ের নির্দেশনায় এর আগে বহুবার কাজ করেছি। এই ধারাবাহিকটির গল্প খুব সুন্দর। আমরা গ্রামে থাকি, গ্রাম থেকে জীবনের প্রয়োজনে শহরে আসি। এরপর এগিয়ে যায় গল্প। খুব ভালোলাগছে নাটকটিতে অভিনয় করে। এটি মূলত একটি দীর্ঘ ধারাবাহিক। শুটিং চলমান। আগামী ১৮ জুন আমরা আবারো শুটিং করবো। নাটকটিতে আমার সহশিল্পী কবির টুটুল। তিনি খুুবই শান্ত স্বভাবের একজন মানুষ। শিল্পী হিসেবেও চমৎকার। আশা করছি এই ধারাবাহিকটি প্রচারে এলে সবার ভালোলাগবে।’
সুমনা সোমা জানান, তিনি এর বাইরে দীপ্ত টিভিতে কায়সার আহমেদ পরিচালিত ‘রূপনগর’ ধারাবাহিকেও অভিনয় করছেন। কবির টুটুল সুজিত বিশ্বাসের ‘ভাইরাল পরিবার’, নুরূল ইসলামের ‘রঙ্গিলা সংসার’সহ আরো বেশকিছু ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। প্রয়াত নায়ক মান্নার বিপরীতে ‘রাজধানী’ সিনেমাতে অভিনয়ের পর সুমনা সোমা অভিনয় করেছেন ‘না বলো না’, ‘মিলন’, ‘নন্দিত নরকে’সহ আরো বেশ কয়েকটি সিনেমাতে।
"









































