বিনোদন ডেস্ক

  ৬ ঘণ্টা আগে

‘আমার জায়গায় আমি ফিরে এসেছি’

রাজনীতির ব্যস্ততা সামলেও নিজের সবচেয়ে পরিচিত জগৎ, অর্থাৎ সিনেমার সেটে ফিরেই আবেগঘন বার্তা দিলেন অভিনেতা-সাংসদ দেব। সোমবার দিল্লিতে এনডিএর বৈঠকে যোগ দেওয়ার পর কলকাতায় ফিরে সরাসরি পৌঁছে যান তার নতুন ছবি ‘দেশু ৭’-এর শুটিং সেটে। সিনেমার শুটিং সেটে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন দেব। ছবিতে হাতে মাইক নিয়ে পরিচালকের ভূমিকায় ব্যস্ত দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জায়গায় আমি ফিরে এসেছি।’

দেবের এই মন্তব্যকে অনেকেই তার অভিনয় ও চলচ্চিত্রজগতের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে দেখছেন। কারণ, রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি সিনেমাই যে তার সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা, সেই বার্তাই যেন দিতে চেয়েছেন তিনি।

‘দেশু ৭’ দেবের ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এই সিনেমার মাধ্যমে প্রথমবার পূর্ণাঙ্গভাবে পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।

গত ১ জুন আনুষ্ঠানিকভাবে সিনেমার শুটিং শুরু হয়। এর আগে আয়োজন করা হয়েছিল জমকালো মহরত। বিশেষ আকর্ষণ হিসেবে প্রায় এক যুগ পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে।

অন্যদিকে, ঘাটালের সাংসদ হিসেবে রাজনৈতিক দায়িত্বও সমানভাবে পালন করে চলেছেন দেব। দিল্লির বৈঠকে অংশ নেওয়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হলেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।

বর্তমানে ‘দেশু ৭’-এর শুটিং পুরোদমে চলছে। চলতি বছরের দুর্গাপূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ইন্ডাস্ট্রির অনেকে বলছেন, নস্টালজিয়া, তারকাবহুল কাস্ট এবং দেবের পরিচালনায় এটি বছরের অন্যতম আলোচিত বাংলা সিনেমা হয়ে উঠতে পারে। সূত্র: দ্য ওয়াল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়