বিনোদন প্রতিবেদক

  ৯ ঘণ্টা আগে

নৃত্যের জন্য সম্মাননা অর্জন শানুর

লাক্সসুপারস্টার শানারেই দেবী শানুকে একজন অভিনেত্রী হিসেবেই দর্শক চিনেন, জানেন। তবে তিনি একজন নৃত্যশিল্পীও বটে। আবার একজন নৃত্যশিল্পী হিসেবে সম্প্রতি তিনি সম্মাননাতেও ভূষিত হয়েছেন। ‘নৃত্যাঙ্গণ’ কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে আয়োজন করে। সেখানেই শানারেই দেবী শানু একজন নৃত্যশিল্পী হিসেবে সম্মাননায় ভূষিত হন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চারপাশের এতো অপ্রাপ্তি, আফসোসের, হাহাকারের, কোলাহলের মাঝেও সামান্যতম প্রাপ্তিটাকেও উদযাপন করে বাঁচি অসামান্য অনুভবে। ধন্যবাদ নৃত্যাঙ্গণকে আমাকে নৃত্যের জন্য এই সম্মাননায় ভূষিত করার জন্য। একজন অভিনেত্রী হিসেবে এবং লেখক হিসেবে এর আগে সম্মাননা পেয়েছি। তবে নৃত্যের জন্য এই ধরনের সম্মাননা এবারই প্রথমই বলা চলে।’

এদিকে শানু এই মুহূর্তে আশীষ রায়ের পরিচালনায় ‘পরম্পরা’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। আপাতত এই একটি ধারাবাহিকেই তিনি অভিনয় করছেন। বিটিভিতে কিছুদিন আগে প্রচারিত হয়েছে তার অভিনীত সোহেল আলমান পরিচালিত ‘জলজোছনা’ ধারাবাহিকটি। এরইমধ্যে শানু তার অভিনয় জীবনের দুই দশক পার করেছেন। শানু বলেন, ‘সত্যি বলতে কী সময়টা কখন উড়ে গেল, বুঝতেই পারিনি। এই দীর্ঘ পথচলায় আমি সব সময় চেষ্টা করেছি শিখতে। সিনিয়র অভিনেতা, নির্মাতা, সহশিল্পীর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। তাদের ভালোবাসা আর সহায়তা আমাকে ধরে রেখেছে। তবে একটা কথাই বারবার মনে হয়, নিজের সেরাটা এখনো দিতে পারিনি। এমন কোনো চরিত্র এখনো পেলাম না, যেখানে কাজ শেষে নিজেকে বলব- হ্যাঁ, এবার তৃপ্ত, সেই সুযোগটার অপেক্ষায় আছি।’

শানুকে খিঁিজর হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমাতে অভিনয়ে দেখা গিয়েছিল। এরপর আর তাকে সিনেমাতে দেখা যায়নি। কথাসাহিত্যিক শানুর লেখা বইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘ভালোবারা এপার ওপার’, ‘লিপস্টিক’, ‘প্রিয়তম মেঘ’, ‘ঘুন মানুষ’, ‘ইতি মেঘবালক’, ‘একলা আকাশ’,

‘ত্রিভুজ’ ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়