বিনোদন প্রতিবেদক

  ৯ ঘণ্টা আগে

বর্ণাঢ্য প্রাপ্তির পর কানাডা যাচ্ছেন ববিতা

উপমহাদেশের নন্দিত অভিনেত্রী ববিতা বছরের কিছু সময় দেশে থাকেন, আবার কিছু সময় কানাডায় ছেলের কাছে থাকেন। সেই ধারাবাহিকতায় বিগত বেশ কয়েকমাস যাবত তিনি দেশেই ছিলেন। এরইমধ্যে তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক’সহ আরো বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছেন। বহু সিনেমায় বিশেষত মায়ের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এবং একজন সংগ্রামী মা হিসেবে একমাত্র ছেলে অনিককে মানুষের মতো মানুষ করার স্বীকৃতি স্বরূপ ‘আলী রূপা ফাউণ্ডেশন’র উদ্যোগে গত বিশ্ব মা দিবসে তিনি ‘মা পদক ২০২৬’-এও ভূষিত হন। এছাড়াও পেয়েছেন ‘হুজ হু’ সম্মাননা। এসব রাষ্ট্রীয় এবং বিশেষ বিশেষ সম্মাননা প্রাপ্তির কারণে ববিতাকে এরইমধ্যে বহু টিভি মিডিয়াতেও বিশেষ সাক্ষাৎকারও দিতে হয়েছে। যে কারণে বিগত ফেব্রুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে। এসব কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত কাজ নিয়েও তাকে ব্যস্ত সময় পার করতে হয়েছে। এখন আবার ছেলের কাছে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এর একমাত্র কারণ হচ্ছে জন্মদিনের সময়টা তিনি তার ছেলের সঙ্গেই কাটাতে চান। যে কারণে আর কিছুদিনের মধ্যেই তিনি কানাডা চলে যাচ্ছেন। সেখানে ছেলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি আগামী ২৬ জুলাই তিনি খান মোহাম্মদ আলীর উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। এই অনুষ্ঠানে তিনি ‘লাইফ টাইম অ্যাচিভম্যান্ট’ অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। ববিতা বলেন, ‘যদিও বা প্রতিদিনই অনিকের সঙ্গে যোগাযোগ হয়, ভিডিও কলে কথা হয়। কিন্তু তারপরও মনটা অনিকের জন্য বেশ ব্যাকুল হয়ে উঠেছে। তাই যতো দ্রুত সম্ভব তার কাছে আবার চলে যাচ্ছি। এবারও যথারীতি ইচ্ছে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুলাই অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করবো ইনশাআল্লাহ। আর আনন্দ মেলা-অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন করবো। ধন্যবাদ খান মোহাম্মদ আলীসহ এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে। আশা করছি লস অ্যাঞ্জেলসে সবার সঙ্গে দেখা হবে কথা হবে, গল্প হবে আড্ডা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।’

উল্লেখ্য, ববিতা সর্বশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাতে অভিনয় করেছেন। এরপর মাঝে বহুবছর কেটে গেছে কিন্তু তাকে আর নতুন কোনো সিনেমাতে দেখা যায়নি। যদিও এখনো ইচ্ছে রয়েছে ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। কিন্তু এখন আর তার নিজের ভালোলাগার মতো গল্পের প্রস্তাব যাচ্ছে না বলেই জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়