অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে
আজ জিতলেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এখনো অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর দারুণ সুযোগ বাংলাদেশের সামনে।
২১ বছর পর অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বার ওয়ানডে ম্যাচে হারিয়ে চলমান তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে রয়েছে। এই ম্যাচ জিতলেই নতুন ইতিহাস লিখবেন মেহেদী হাসান মিরাজরা। অবশ্য এজন্য খুবই আত্মবিশ্বাসী তারা। গত ম্যাচের স্মরণীয় জয়কে আরো বড় সাফল্যে রূপ দিতেই মাঠে নামবে দল। তাদের আত্মবিশ্বাসের পারদ অনেক উঁচুতে ওঠার পেছনে আরেকটি কারণ হলো, এরই মধ্যে ঘরের মাঠে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটি হবে চারে চার।
১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে নেমে যেভাবে দাপট দেখিয়ে প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ, তাতে সিরিজ জয় সময়ের ব্যাপার। আর এখনই অস্ট্রেলিয়াকে সিরিজে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন গত ম্যাচের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম ওয়ানডে জয়ের পর এই অলরাউন্ডার বলেন, ‘আমি বলব যে, খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার। আমরা যদি আমাদের প্রক্রিয়ায় থাকতে পারি, অবশ্যই জেতা সম্ভব এবং আমি থেকে শুরু করে আমাদের সবার সে বিশ্বাসটা আছে।’ মোসাদ্দেকের এ বিশ্বাস আরো জোরালো হচ্ছে, কেননা দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ পেস বোলিং বিভাগ। প্রথম ম্যাচে নাহিদ রানা, তাসকিন ও মোস্তাফিজদের গতিতে পিষ্ট হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। মূলত তাদের ঘিরেই সিরিজ জয়ের প্রত্যাশা বাড়ছে।
এদিকে, দ্বিতীয় ম্যাচে সিরিজে ফেরার লক্ষ্য থাকবে অস্ট্রেলিয়ার। দলটির সদস্যরা তরুণ হলেও বেশ কয়েকজন মেধাবি ক্রিকেটার রয়েছে তাদের। গত ম্যাচ ভুলে নতুন শুরু করতে চাইবেন তারা। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ও ব্যাটার অ্যালেক্স ক্যারি বলেছেন, তাদের হাতে আরো দুটি ম্যাচ রয়েছে। ভালোভাবে ঘুরে দাঁড়াতে চান তারা। প্রথম ভালো যায়নি। দলে কিছু ঘাটতি থাকলেও উন্নতি করার সুযোগ আছে। আজ সিরিজে ফিরে আসাটাই এখন তাদের লক্ষ্য। গত ম্যাচের ভুলত্রুটিগুলো শুধরেই আজ মাঠে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় নাকি অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর গল্প, সেটিই এখন দেখার বিষয়।









































