কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কসবায় ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় অবস্থিত মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ডিজেল সরবরাহে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার প্রমাণ পাওয়ায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক মো. সামস তাবরেজ।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনের অকটেন, পেট্রোল ও ডিজেল তিনটি পাম্পের পরিমাপ ও কার্যক্রম পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডিজেল পাম্পে অনিয়ম ধরা পড়ে। পাম্পের মেশিন রিডিং যাচাই করে দেখা যায়, প্রতি লিটার ডিজেল বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত সহনীয় মাত্রার (টলারেবল লিমিট) চেয়ে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল।

ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় এবং পরিমাপ সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের এ পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা ভোক্তাদের স্বার্থ রক্ষায় ফিলিং স্টেশনসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়