বিনোদন ডেস্ক
হুমায়ূনের গল্পে শাওনের নক্ষত্রের রাত

আবারো সিনেমা বানাচ্ছেন মেহের আফরোজ শাওন। গল্প হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত। নায়িকা আবারো মাহি। তবে নায়ক নির্বাচনে চমক দেখিয়েছেন পরিচালক শাওন। রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো’ প্রতিযোগিতায় বিজয়ী বাঁধন কুমার সাহা হবেন মাহির নায়ক।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। মাহি বর্তমানে বদিউল আলম খোকনের পরিচালনায় হারজিৎ-এর শুটিং করছেন। ওই সিনেমার পরপরই নক্ষত্রের রাত-এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।
নক্ষত্রের রাত নামে নব্বই দশকের শেষের দিকে হুমায়ূন আহমেদের কাহিনিতে একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচারিত হয়। অভিনয় করেছিলেন প্রয়াত আবুল খায়ের, আবুল হায়াত, সারা যাকের, আবদুল কাদের, আফসানা মিমি, আজিজুল হাকিম, জাহিদ হাসান, শমী কায়সার, মেহের আফরোজ শাওন ও হুমায়ূন আহমেদের কন্যা শিলা আহমেদ। তবে ওই নাটকটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়নি।
গত শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়ার পর মাহির হাতে তুলে দেওয়া হয় নক্ষত্রের রাত ছবির ক্ল্যাপবোর্ড। এ সময় মঞ্চে ছিলেন পরিচালক মেহের আফরোজ শাওন, ছবিটির পরিবেশনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আক্তার।
"









































