শেখ সুলতানা মীম, ইডেন মহিলা কলেজ
তরুণদের চিন্তায় জীবনানন্দ দাশ

বাংলা সাহিত্যের আধুনিকতার এক অনন্য নির্মাতা জীবনানন্দ দাশ। তিনি শুধু একজন কবি নন, বরং বাংলা ভাষার অনুভূতি, প্রকৃতি ও অস্তিত্বচিন্তার এক অসাধারণ শিল্পী। তার কবিতায় যেমন বাংলার মাঠ-ঘাট, নদী, কুয়াশা, সবুজ ঘাস, পাখি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে, তেমনি উঠে এসেছে মানুষের নিঃসঙ্গতা, স্মৃতি, সময়, জীবনসংগ্রাম ও অস্তিত্বের গভীর প্রশ্ন। তার স্বতন্ত্র শব্দচয়ন, অভিনব চিত্রকল্প এবং কাব্যভাষা বাংলা কবিতাকে দিয়েছে এক নতুন মাত্রা। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনানন্দ দাশ তরুণ পাঠকের ভাবনার জগতে সমানভাবে প্রাসঙ্গিক।
এই প্রাসঙ্গিকতাকেই সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইডেন মহিলা কলেজ শাখা ও ঢাকা কলেজ শাখার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী পাঠপ্রহর। অনুষ্ঠানের আলোচ্য গ্রন্থ ছিল শাহাদুজ্জামান রচিত একজন কমলালেবু- জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য ও অন্তর্জগতকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা একটি বহুল আলোচিত উপন্যাস। পাঠপ্রহরে অংশগ্রহণকারী সদস্যরা জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং ব্যক্তিসত্তার নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। আলোচনায় উঠে আসে তার শৈশব, পারিবারিক পরিবেশ, সাহিত্যজীবনের সূচনা, শিক্ষকতা, দাম্পত্যজীবন এবং তার সৃষ্টিশীল মানসের বিভিন্ন দিক।
বিশেষভাবে আলোচিত হয় তার মা কুসুমকুমারী দাশের অনন্য ভূমিকা। একজন কবি ও আদর্শ শিক্ষিকা হিসেবে তিনি সন্তানকে সাহিত্যের প্রতি অনুরাগী করে তুলেছিলেন। একই সঙ্গে তার পিতা সত্যানন্দ দাশের শিক্ষানুরাগ, মানবিকতা ও বইপড়ার পরিবেশ গড়ে তোলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। আলোচকেরা জীবনানন্দ দাশের শিক্ষাজীবন, শিক্ষকতা, সাহিত্যচর্চা, তার কবিতার স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আধুনিক বাংলা কবিতায় তার অবদান নিয়ে বিশদভাবে আলোকপাত করেন। শাহাদুজ্জামানের একজন কমলালেবু বইটি জীবনানন্দ দাশকে কেবল একজন কবি হিসেবে নয়, বরং একজন সংবেদনশীল, নিঃসঙ্গ ও গভীর আত্মঅনুসন্ধানী মানুষ হিসেবে তুলে ধরেছে- এ বিষয়েও অংশগ্রহণকারীরা তাদের মতামত ব্যক্ত করেন।
বইটির ভাষা, নির্মাণশৈলী এবং প্রতীকী উপস্থাপনা নিয়ে ছিল প্রাণবন্ত আলোচনা। বইটিতে স্থান পেয়েছে জীবনানন্দ দাশের জীবনের সংগ্রাম এবং নিঃসঙ্গতা। এছাড়াও আলোচকরা জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন নিয়েও গভীর আলোচনা করেন। যেখানে একজন ক্লান্ত পথিক বনলতা সেনের কাছে তার শান্তি এবং আশ্রয় খুঁজে পায়। পাশাপাশি বনলতা সেন, আবার আসিব ফিরে এবং বাংলার মুখ আমি দেখিয়াছিসহ তার কালজয়ী কবিতাগুলোর সাহিত্যিক গুরুত্ব ও বর্তমান প্রজন্মের কাছে এর প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়েও জীবনানন্দ দাশের কবিতা তরুণদের ভাবতে শেখায়, প্রকৃতিকে নতুন করে দেখতে শেখায় এবং জীবনের গভীর অর্থ অন্বেষণে উদ্বুদ্ধ করে। পাঠপ্রহরটি তাই শুধু একটি বই আলোচনা নয়, বরং একজন কালজয়ী কবিকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে আবিষ্কারের এক আন্তরিক প্রয়াস।
পাঠপ্রহরে শুধু জীবনানন্দ নয়, কাজী নজরুল ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে আলোচনা করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, জীবনানন্দের কবিতা আবৃত্তির মাধ্যমে পাঠপ্রহরের পূর্ণ সমাপ্তি ঘটে। সাহিত্যচর্চা, পাঠাভ্যাস এবং সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। সমাজে নিজেদের চিন্তাশক্তি আরো বিকশিত করার জন্য এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এধরনের সৃজনশীল এবং ব্যতিক্রমধর্মী চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
"









































