মো. মেহেরাব হোসেন রিফাত, বিএম কলেজ, বরিশাল

  ২৬ জুলাই, ২০২৬

বিএম কলেজ জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃত্বে তানজীল-রিফাত

বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমসিজেএ) এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মিরর নিউজের ক্যাম্পাস প্রতিনিধি তানজীল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ বাণীর ক্যাম্পাস প্রতিনিধি মেহেরাব হোসেন রিফাত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আযাদ আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি হোসাইন সিপাহি (সময়ের কণ্ঠস্বর), যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সামি (দৈনিক কীর্তনখোলা), সাংগঠনিক সম্পাদক মো. সজিব (দৈনিক আজকের পরিবর্তন), অর্থ সম্পাদক ইয়ামিন (দৈনিক বরিশাল প্রতিদিন), দপ্তর সম্পাদক রায়হানুল হক (দৈনিক দক্ষিণাঞ্চল), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান ফরাজি (দৈনিক মতবাদ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সজল মাহমুদ (দৈনিক আমাদের সময়), আসাদুল ইসলাম আসাদ (দৈনিক আগামীর সময়) এবং আবির শিকদার (দৈনিক বরিশালের আলো)।

নবগঠিত কমিটির সভাপতি তানজীল ইসলাম শুভ বলেন, সাংবাদিকতা সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার অনুশীলন, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ সমানভাবে গুরুত্ব পাবে। বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ক্যাম্পাস সাংবাদিকদের জন্য একটি দায়িত্বশীল ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন রিফাত বলেন, ক্যাম্পাস সাংবাদিক হিসেবে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই। ব্যক্তিগত প্রচারের জন্য নয়, বরং সত্য, ন্যায়, স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের কল্যাণে সাংবাদিকতার দায়িত্ব পালন করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রতিটি সংবাদ হবে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, পেশাগত নৈতিকতা চর্চা এবং একটি ইতিবাচক সাংবাদিকতা সংস্কৃতি গড়ে তুলতে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএম কলেজে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের সংবাদ আরো দায়িত্বশীলভাবে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পেশাগত মূল্যবোধ, জবাবদিহিতা এবং নৈতিকতার চর্চা আরো শক্তিশালী হবে বলেও তারা প্রত্যাশা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়