আন্তর্জাতিক ডেস্ক
অভিশংসন তদন্ত ঠেকাতে আদালতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জরুরি ভিত্তিতে আদালতে একটি আবেদন করেছেন। তাঁর এই আবেদনের উদ্দেশ্য হলো, বহুল আলোচিত ‘ফার্মগেট’ কেলেঙ্কারি–সংক্রান্ত অভিযোগ তদন্তে পার্লামেন্টের অভিশংসনপ্রক্রিয়া শুরু হওয়া ঠেকানো। আদালতের নথি থেকে এই তথ্য জানা গেছে।
রামাফোসা চান, কেলেঙ্কারি–সংক্রান্ত অসদাচরণের বিষয়ে একটি স্বাধীন প্যানেলের দেওয়া পর্যবেক্ষণ বাতিলের জন্য তিনি যে পৃথক আবেদন করেছেন, সে বিষয়ে উচ্চ আদালত আগে সিদ্ধান্ত দিক।
‘ফার্মগেট’ কেলেঙ্কারির সূত্রপাত ২০২০ সালে। তখন প্রেসিডেন্ট রামাফোসার মালিকানাধীন খামারবাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি হয়। খামারবাড়ির একটি সোফার ভেতরে এই অর্থ লুকানো ছিল। প্রেসিডেন্ট রামাফোসার দাবি, চুরি হওয়া অর্থের পরিমাণ ছিল ৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর তা ছিল মহিষ বিক্রির অর্থ। তবে এত বড় অঙ্কের অর্থ আসবাবপত্রের ভেতরে কেন রাখা হয়েছিল, তা যথাযথভাবে ঘোষণা করা হয়েছিল কি না—এসব প্রশ্ন ওঠে।
"








































