আন্তর্জাতিক ডেস্ক
ভূমিকম্পে ধ্বংসস্তূপ ফিলিপাইন মৃতের সংখ্যা বেড়ে ৬১

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবারের (৯ জুন) এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬১ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির অফিস অব সিভিল ডিফেন্স (ওসিডি) এবং স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ প্রাথমিকভাবে ২৬ জনের মৃত্যু এবং ১৪৭ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। তবে উদ্ধার অভিযান চলার সাথে সাথে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে।
সেবু প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ৬০ ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল বোগো শহরে। সেখানে সর্বোচ্চ ৩০ জন নিহত হয়েছেন।
ওসিডির ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বার্নার্ডো রাফায়েলিটো আলেজান্দ্রো এক সংবাদ সম্মেলনে জানান, ৬১ জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। তবে এই সংখ্যাগুলো এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে থাকার খবর আসছে, তাই নিখোঁজদের পরিচয় শনাক্তকরণ ও উদ্ধার কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ভয়াবহ এই বিপর্যয়ের পর সেবু প্রদেশে বিপর্যয়কালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর ফলে স্থানীয় প্রশাসন ও সরকার দ্রুত জরুরি তহবিল (দুর্যোগকালীন তহবিল) ব্যবহার করে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করতে পারবে।
এ ছাড়া উপদ্রুত এলাকার বাসিন্দাদের সুরক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও মজুদদারী রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার (৯ জুন) রাত ৯টা ৫৯ মিনিটে সেবু প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে এর মাত্রা ৬ দশমিক ৭ রিখটার স্কেল বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৯ বলে উল্লেখ করা হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বোগো শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে।
"








































