আন্তর্জাতিক ডেস্ক
সংকট মোকাবিলায় অর্থনৈতিক সংস্কারের পথে কিউবা

বিনিয়োগ আকর্ষণ, অর্থনীতিতে প্রবাসী কিউবানদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রশাসনের কিছু ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে একগুচ্ছ অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। তবে, দেশটিতে গৃহীত এসব পদক্ষেপের বিস্তারিত বা বাস্তবায়নের সময়সূচি নিয়ে কিছু জানানো হয়নি। গত শুক্রবার (১২ জুন) কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এ অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে এনবিসি।
কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দিয়াজ-কানেল বলেন, এখন ‘পরিবর্তনের সময় এসেছে’ এবং দেশটি ‘বর্তমান পথ ধরে আর এগিয়ে যেতে পারে না।’ প্রেসিডেন্সির প্রকাশিত বিবৃতি অনুযায়ী, সংকটের মধ্যেও প্রতিটি সুযোগকে নতুন উড্ডয়ন ও প্রবৃদ্ধির মুহূর্ত হিসেবে কাজে লাগাতে হবে। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কয়েকটি অগ্রাধিকার নির্ধারণ করেছে, যদিও সেগুলোর নিয়ে তিনি বিস্তারিত তথ্য উল্লেখ করেননি। বর্তমানে তীব্র জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতায় থাকার মধ্যেই কিউবায় এই ঘোষণা দেওয়া হয়েছে।
"








































