নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি শীতলক্ষ্যায় নিখোঁজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরিদলের সদস্য রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সাদিক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা স্পিডবোটে থেকে পরিষ্কার করছিলেন ডুবুরি সদস্য সাদিক, শামসুল আলম এবং স্পিডবোট চালক সজল। এ সময় তিনি স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হন। ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও বিকেল ৫টা পর্যন্ত সাদিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এর সত্যতা নিশ্চিত করে জানান, সাদিক একজন দক্ষ ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন।
"








































