ভোলা প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, থানায় ঘাতকের আত্মসমর্পণ

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধ হামলায় ইব্রাহিম খলিল নয়ন (২৪) নামের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর থানায় আত্মসমর্পণ করল হত্যার নেতৃত্ব দেওয়া খুনি আব্দুল্লাহ আল মানিক (১৭)। এ ঘটনায় গুরুতর আহত আরো দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাসার সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। নিহত নয়ন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামান্য একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়ন ও তার সঙ্গীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যান নয়ন। এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে আরো দুইজন গুরুতর জখম হন। আহতরা হলেন- পৌরসভার বাসিন্দা মো. আলী জিন্নাহর ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ করেন। এ ঘটনায় ওই এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে নয়নের বন্ধুরা খবর পেয়ে লালমোহন থানা গেটের সামনে অপরাধীর দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় ঘণ্টাব্যাপী সব ধরনের জান চলাচল বন্ধ থাকে। রাস্তা অবরোধের খবর শুনে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে চলে যান।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে দুপুর ১টায় ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বালির মাঠে একটি মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থলে মূল অভিযুক্ত মানিকের ছুরিকাঘাতে একজন নিহত হয় ও দুইজন আহত হয়। মূল আসামি আমাদের হেফাজতে আছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়