মরক্কোতে ৬০ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা

মরক্কোর প্রাণকেন্দ্র রাবাতে শুরু হলো বিশ্বসাহিত্যের এক মহা-উৎসব। রাজধানীর ওএলএম সুয়িসি ভেন্যুতে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজন পরিচালনা করছে মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সংস্কৃতি বিভাগ।
এবারের মেলাটি আকার ও অংশগ্রহণ দুই দিক থেকেই বিশেষ তাত্পর্যপূর্ণ। বিশ্বের ৬০টি দেশ থেকে অংশ নিচ্ছেন মোট ৮৯০ জন। এর মধ্যে ৩২০ জন সরাসরি উপস্থিত থাকবেন, আর ৫৭০ জন অংশ নেবেন প্রতিনিধির মাধ্যমে।
জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শনসহ নানা বিষয়ে ১ লাখ ৩০ হাজারেরও বেশি বই প্রদর্শিত হবে, যা বইপ্রেমীদের জন্য এক অনন্য ভাণ্ডার। মেলাকে ঘিরে সাজানো হয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মসূচি। ২০৪টিরও বেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৭২০ জনের বেশি চিন্তাবিদ, লেখক ও সৃজনশীল ব্যক্তিত্ব। আলোচনা, সেমিনার, পাঠচক্র ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এই আয়োজন হয়ে উঠবে বিশ্বসংলাপের এক প্রাণবন্ত মঞ্চ।
মরক্কো ও ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি মেলার ক্রমবর্ধমান আন্তর্জাতিক গুরুত্বকেও তুলে ধরে।
আরেকটি বিশেষ আকর্ষণ হলো, বিখ্যাত মরক্কীয় পর্যটক ইবনে বতুতা-কে ঘিরে আয়োজন। বিশ্বভ্রমণের মাধ্যমে যিনি আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়ার প্রতীক হয়ে উঠেছেন, তার জীবন ও অবদানকে উদযাপনের মাধ্যমে মেলাটি বৈচিত্র ও মানবিক সংলাপের চেতনাকে আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, ইউনেস্কো ইতোমধ্যে ২০২৬ সালের জন্য রাবাতকে ‘বিশ্ব বই রাজধানী’ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে শহরটির আন্তর্জাতিক সাংস্কৃতিক মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে এবং বই ও প্রকাশনা শিল্পে এর প্রভাবশালী ভূমিকা নতুন উচ্চতায় পৌঁছেছে।









































