reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব

আজ ২১ জুন বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ঢাক-ঢোল, শোভাযাত্রা, অর্কেস্ট্রা পরিবেশনা এবং দেশের বরেণ্য ও জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে ‘সংগীত উৎসব ২০২৬’-এর।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ তথ্য জানিয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ২১ ও ২২ জুন জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।

উৎসবের প্রথম দিন রবিবার (২১ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

এদিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য সচিব জাকির হোসেন রোকন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

উভয় দিনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘সংগীত সন্ধ্যা’। এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পীরা। উদ্বোধনী দিনে দেশের গান পরিবেশন করবেন বরেণ্য ১০ কণ্ঠশিল্পী। সংগীত পরিবেশন করবেন আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মণ্ডল, আলিফ আলাউদ্দিনসহ অনেক শিল্পী। এছাড়া উৎসবে অংশ নেবেন বাংলাদেশে নিযুক্ত চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পীরাও। তাদের পরিবেশনায় উৎসব পাবে আন্তর্জাতিক মাত্রা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়