সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষতিকর তামাক চাষ থেকে কৃষকদের ফিরিয়ে এনে লাভজনক বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কৃষকদের নিয়ে সরাসরি সচেতনতামূলক উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা করছে কৃষি অফিস।
রবিবার (২১ জুন) সকালে উপজেলার তিল্লী ইউনিয়নের পশ্চিম চরতিল্লী গ্রামে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তামাক চাষের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি মানবদেহে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। অথচ সমপরিমাণ জমিতে আধুনিক পদ্ধতিতে রবি শস্য, সবজি বা অন্যান্য লাভজনক ফসল চাষ করে তামাকের চেয়েও বেশি আয় করা সম্ভব। কৃষকদের এই বিষয়টি বোঝাতেই মাঠপর্যায়ে এই প্রচারণা চালানো হচ্ছে।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, তামাক চাষ শুধু পরিবেশ ও মাটির জন্যই ক্ষতিকর নয়, এটি কৃষকদের স্বাস্থ্যেরও বড় ক্ষতি করে। আমরা কৃষকদের বোঝানোর চেষ্টা করছি যেন তারা তামাকের ক্ষতিকর চক্র থেকে বের হয়ে আসেন। তামাকের বিকল্প হিসেবে তারা যেন সরিষা, গম, ভুট্টা বা উচ্চ ফলনশীল শাকসবজি চাষ করেন। কৃষি বিভাগ থেকে তাদের সব ধরনের কারিগরি সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে। উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ









































