গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

দৌলতদিয়ায় অভিযান চলাকালে হাতকড়াসহ মাদক কারবারি ছিনতাই

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পুড়াভিটায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের উপর হামলা করে হ্যান্ডকাপফ সহ মাদক কারবারিকে ছিনতাই করেছে স্থানীয় সংঘবদ্ধ মাদক কারবারিরা।

শনিবার (২০ জুন) বিকাল ৪ ঘটিকার সময় থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ঘণ্টাব্যাপী পুড়াভিটায় অভিযানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুইজন আসামিকে গ্রেপ্তার করে।

জানা যায়, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোডিং এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে আসামি আশীষ চন্দ্র শীল (২৬), পিতা: মৃত আনন্দ চন্দ্র শীল, সাং- বেলিশ্বর, থানা: ধামরাই, জেলা: ঢাকা’র দেহ তল্লাশি করে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ একশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপর আসামি পুড়াভিটায় মাদক কারবারি বেবীর ছেলে ফয়সাল (২৪)-কে মাদক ও টাকাসহ গ্রেপ্তার করে হাতকড়া পরায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ। পরবর্তী সময়ে সংঘবদ্ধ মাদক কারবারিরা আটক ফয়সালকে ছিনতাই করে নিয়ে যায়। তাদের ওই হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হন।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুনতাসীর হাসান খান বলেন, আমার নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়া ভিটা এলাকায় ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে দুইজন আসামিকে মাদকসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একজন আসামিকে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেই। অপর আসামি ফয়সালকে নগদ টাকা ও মাদকসহ আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ তাকে হ্যান্ডকাফ দেওয়ার পর পুড়াভিটার মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা করে আটক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছেন। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়