মদন (নেত্রকোনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মদনে কৃষি ভর্তুকি থেকে বঞ্চিত কৃষকদের মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার মদন উপজেলায় বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি ভর্তুকি না পাওয়ার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়নের বাশুঁরী গ্রামের ১নং ওয়ার্ডে বঞ্চিত কৃষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, ওয়ার্ডের কিছু প্রভাবশালী ব্যক্তি প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে নিজেদের আত্মীয়-স্বজন ও অকৃষকদের নাম ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে বিতর্কিত তালিকা বাতিল করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বঞ্চিত কৃষক জাহাঙ্গীর মিয়া, জুয়েল মিয়া, সাবেক ইউপি সদস্য ও কৃষক রাসেল মিয়া, সেলিম মিয়া, আব্দুল লতিফ বেপারী এবং রনি আক্তারসহ অন্যান্যরা।

এ বিষয়ে নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কৃষি ভর্তুকি যাচাই-বাছাই কমিটির সদস্য অলিউর রহমান লিটন বলেন, আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং প্রকৃত কৃষকরাই সুবিধা পেয়েছেন। তবে একটি ওয়ার্ড নিয়ে কিছু অভিযোগ উঠেছে। তাই ওই ওয়ার্ডের বিতরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

নায়েকপুর ইউনিয়নের প্রশাসক ও কৃষি ভর্তুকি যাচাই-বাছাই কমিটির সভাপতি মাহমুদুল হাসান মিজান বলেন, অত্র ইউনিয়নের ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডে ৬ জনের নাম নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের কপি ইউএনও মহোদয় আমাকে দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন থাকায় ওই নামগুলোর বিষয়ে আপাতত কার্যক্রম স্থগিত রয়েছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তালিকা সংশোধন করে প্রকৃত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তালিকায় কোনো অসঙ্গতি থাকলে সংশ্লিষ্টদের নাম বাদ দিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়