ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে বিএনপি’র সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম, নৈরাজ্য ও ষড়যন্ত্রের চিত্র জনসম্মুখে তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (২০ জুন) রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব হলরুমে যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় একটি চক্র এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পরিকল্পিতভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকে তারা গোপনে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নামে কুৎসা রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
নেতারা আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর পলাতক ফ্যাসিস্ট ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নাম ব্যবহার করে এলাকায় যে অপতৎপরতা চলছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। এসব অপরাধের সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সেই সাথে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব বলে তারা স্মরণ করিয়ে দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— আমিরুল ইসলাম ভুঁইয়া মনি (সদস্য সচিব, উপজেলা বিএনপি), আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা (যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি), একেএম হারুন অর-রশীদ (যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি), শরীফ জায়েদী (যুগ্ম আহ্বায়ক), সাহজাহান জয়পুরী (যুগ্ম আহ্বায়ক), সাঈদুল হক (আহ্বায়ক, পৌর বিএনপি), নূরে আলম জিকু (সদস্য সচিব, পৌর বিএনপি)।
এছাড়াও পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী, সুজন; ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু; ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক ও সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার; উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার ও সদস্য সচিব হারুন অর রশীদ এবং যুগ্ম আহ্বায়ক রনি রহমান; পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্য সচিব রেদোয়ান আহমেদ রিজনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ









































