শাহজাহান সাজু

  ০৭ মার্চ, ২০২০

রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে উদ্যোগ সরকারের

আসন্ন রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজারে ভোগ্য ও নিত্যপণ্যের সরবরাহ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। জননিরাপত্তা, ভোক্তাস্বার্থ নিশ্চিতসহ ঈদে নাড়ির টানে নির্বিঘেœ ঘরে ফেরা, মৌসুমি রোগ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ, কর্মচারীদের যথাসময়ে মজুরি ও ছুটি প্রদান সংক্রান্ত বিষয়গুলো দেখভালের জন্য ১৪ মন্ত্রণালয়কে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, রোজার সময় জরুরি ৯টি ভোগ্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট সুদ হার ইতোমধ্যে বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই পণ্যগুলো হলো ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফল-মূল ও চিনি। এই ৯ ধরনের পণ্য আমদানিতে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।

অন্যদিকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণে আগামী এপ্রিল থেকে সুদের হার ৯ শতাংশ নির্ধারণ করে দেওয়া হলেও আমদানির ক্ষেত্রে এই সুদ হার এখন থেকেই কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩০ মে পর্যন্ত আমদানি ঋণপত্র খুলতে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতেও ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র জানায়, আসন্ন রমজানে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে জনপ্রত্যাশিত সেবা নিশ্চিতের ওপর। এ লক্ষ্যে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়টির দায়িত্বে থাকবে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসন, খাদ্য মন্ত্রণালয় ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখবে। জানা যায়, রমজানের সময় ইফতারিতে ব্যবহার হয় এমন সব পণ্য বিশেষ করে পেঁয়াজ, চিনি, ডাল, ছোলা, ভোজ্যতেল এবং খেজুরের আমদানি বাড়ানো হচ্ছে। বেসরকারি খাতের ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন এসব পণ্যের আমদানি ও মজুদ বাড়ান। যাতে ওই সময় দেশের মানুষ এসব পণ্য ন্যায্য দামে কিনতে পারেন। এর পাশাপাশি সরকারের বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে পেঁয়াজ, ভোজ্যতেল, ডাল ও ছোলার মতো পণ্য বিক্রি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জানা যায়, টিসিবি ভর্তুকি মূল্যে বর্তমানে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে। এই কার্যক্রম রমজানে আরো বেগবান করা হবে। এছাড়া দেশি নতুন পেঁয়াজ উঠা শুরু হয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশে বেসরকারি খাতের বড় কয়েকটি প্রতিষ্ঠান আরো ২ লাখ টন পেঁয়াজ আমদানি করবে। এসব উদ্যোগের ফলে রমজানে বাজারে স্বস্তি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চাহিদার তুলনায় আমদানি ও মজুদ পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে। ফলে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই। আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে জানান তিনি।

জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপণিবিতান, স্টেশনসহ জনপরিসরের নিরাপত্তায় পদক্ষেপ দেখবে জননিরাপত্তা বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গণ-উপদ্রব বিশেষ করে প্রতারণা, ছিনতাই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসন প্রভৃতি প্রতিরোধে নিয়োজিত থাকবে জননিরাপত্তা বিভাগ ও বাংলাদেশ পুলিশ।

জানা গেছে, এবারের রমজান ও ঈদ গ্রীষ্মকাল ও বর্ষা মৌসুমে শুরু হচ্ছে। এ সময় মৌসুমি রোগবালাই বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গত বছর ডেঙ্গু প্রতিরোধে সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়। এবারও এ ধরনের পরিস্থিতি তৈরি হলে জনদুর্ভোগ আরো বাড়বে। আর এ কারণে এবার রোজা শুরুর আগে যাতে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা যায় সে বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মৌসুমি রোগ প্রতিরোধে এ বিভাগ কী পদক্ষেপ নিতে যাচ্ছে, তা প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়