সাহারুল হক সাচ্চু, সিরাজগঞ্জ
পাটের রং উজ্জ্বল করতে পলিথিনে ঢেকে জাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটগাছ কেটে পলিথিনে ঢেকে পানিতে জাগ দেওয়া হচ্ছে। কৃষকরা বলছেন, পাটের রং ধবধবে সাদা ও উজ্জ্বলতা বাড়ানোর জন্য পলিথিন দিয়ে পুরো পাট জাগ ঢেকে রাখা হয়। এভাবে জাগ দেওয়া হলে কম দিনে পাটগাছে জাগ আসে বলে জানানো হয়।
উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা নানা জাতের পাট ফসলের আবাদ করেছেন। বেশিরভাগ কৃষক তাদের জমির বোরো ধান কেটে পাটের আবাদ করেছেন। এছাড়া কোনো কোনো এলাকায় মাঠে আগাম করে পাট ফসলের আবাদ করা হয়েছে। আগাম আবাদের পাট কৃষকরা কেটে জাগ দিচ্ছেন।
উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের শাহরিয়ার এবারে প্রায় আড়াই বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। এর মধ্যে প্রায় চল্লিশ শতক জমিতে সাদা মেছতা আর বাকি জমিতে (প্রায় পঁয়তাল্লিশ শতক) আসমান তারা নামে পরিচিত তোষা পাটের আবাদ করেছেন বলে জানান। নিজ এলাকার একটি জলাশয়ে পাট কেটে পুরো পাট জাগ পলিথিনে ঢেকে দিতে দেখা গেছে। তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি নিজ জমিগুলোয় আধুনিক প্রযুক্তি ও পদ্ধতিতে বিভিন্ন ফসলের আবাদ করেন। কৃষিতে বদল আনতে চান। তার কথায় পুরো পাট জাগ পলিথিনে ঢেকে রাখায় পাটের রং একেবারে ধবধবে সাদা হয়। পাটের উজ্জ্বলতা বাড়ে। আর পলিথিনে ঢেকে রাখায় কম দিনের মধ্যে পাটগাছের ছালে পচন (জাগ) আসে। তার দেখাদেখি এলাকার কৃষকদের কেউ কেউ পলিথিনে ঢেকে পাট জাগ দিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, কৃষকরা কাটা পাটগাছ নদী-নালা কিংবা খাল-বিলে ফেলে জাগ দিয়ে থাকেন। সেসব পাটের জাগ কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া হয়। আবার মাটির চাপ দিয়ে রাখা হয়। এ কারণে বেশিরভাগ জাগের পাটের রং কিছুটা ঘোলাটে ভাব ও উজ্জ্বলতা কম হয়। তিনি খোঁজ নিয়ে জেনেছেন পাটের জাগ পলিথিনে ঢেকে রাখা হলে রং ভালো হয়। কম সময়ে পাটে জাগ আসে। তিনি একেবারে বদ্ধ জলাশয়ে পাট জাগ না দিয়ে কিছুটা খোলামেলা জায়গায় পাট জাগ দেওয়ার কথা বলেন।
"








































