গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ কলেজকে প্রাক-মডেল করা হচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আটটি বেসরকারি কলেজকে প্রথমবারের মতো প্রাক-মডেল কলেজ হিসেবে নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ গতকাল সোমবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
নির্বাচিত কলেজগুলো হলো ঢাকা কমার্স কলেজ, ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ, লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ, বগুড়ার সুখানপুকুর এলাকার সৈয়দ আহম্মদ কলেজ, টাঙ্গাইলের সখীপুর এলাকার রেসিডেন্সিয়াল মহিলা কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর কলেজ ও কিশোরগঞ্জের রফিকুল ইসলাম মহিলা কলেজ।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, প্রথমবার মডেল কলেজ নির্বাচন প্রক্রিয়ায় নির্দিষ্ট ছকে অনলাইনে মোট ৮৯টি কলেজের পক্ষ থেকে আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আবেদনপত্রসমূহের তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের টিম কর্তৃক সরেজমিনে যাচাই করে ১৫টি কলেজকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। এরপর ৪০টি পূর্বনির্ধারিত দক্ষতা সূচকের ভিত্তিতে এদের মধ্যে যে ৮টি কলেজ স্বল্পমেয়াদি শর্তসমূহ পূরণ করতে সমথর্ন হওয়ায় তাদের প্রাক-মডেল কলেজ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তিনি আরো জানান, পূর্ণাঙ্গ মডেল কলেজ হিসেবে বিবেচিত হওয়ার জন্য ওই কলেজসমূহকে আগামী এক বছরের মধ্যে মধ্যমেয়াদি এবং দুই বছরের মধ্যে দীর্ঘমেয়াদি শর্ত পূরণ করতে হবে। মডেল কলেজ হিসেবে নির্বাচিত কলেজসমূহের জন্য যেসব প্রণোদনা বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হবে তা হলো প্রতি বিষয়ে শ্রেষ্ঠ ফল অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান (সম্মান দ্বিতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ), তথ্যপ্রযুক্তিগত উন্নয়নে কলেজকে আর্থিক সহায়তা, গ্রন্থাগারের জন্য মানসম্পন্ন পাঠ্যপুস্তক সরবরাহ, শিক্ষক প্রশিক্ষণে অগ্রাধিকার, সায়েন্স ল্যাব উন্নয়নে আর্থিক সহায়তা, কলেজে বিষয় অধিভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার ও সার্টিফিকেশন অব অ্যাওয়ার্ড।
উপাচার্য আরো বলেন, নির্বাচিত কলেজের অনার্সের প্রতিটি বিষয়ে দ্বিতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত শ্রেষ্ঠ ফল অর্জনকারী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে।
ঘোষিত ৮টি প্রাক-মডেল কলেজকে সনদপত্র, পুস্তক ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সেগুনবাগিচা) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, ¯œাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ড. মোহাম্মদ বিন কাশেম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ফয়জুল করিম ও পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
"









































