জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশাচালক তৌহিদ হোসেন। তার বাড়ি পাঁচবিবি উপজেলায়। নিহত অপরজন অজ্ঞাত পরিচয় এক নারী তার বাড়ি একই উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। বাকি আহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরো যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটকে করে।
জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। একইসঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
"









































