সাভার (ঢাকা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণ, আহত ৫

ছবি : প্রতিদিনের সংবাদ

সাভারে ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) পদযাত্রার সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মঞ্চে থাকা দলটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা আঘাত না পেলেও সমাবেশস্থলে উপস্থিত অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহীন খন্দকার (৩০), জসিম (২৬), শাহাদাত হোসেন (৪০) ও ইমরান (৩৫)-এর নাম জানা গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের তারাপুর মাঠে এই হামলার ঘটনা ঘটে।

যেভাবে ঘটলো ঘটনা: প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপির শীর্ষ নেতারা পদযাত্রায় অংশ নিতে তারাপুর মাঠের সমাবেশস্থলে যোগ দেন। ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ সমাবেশস্থলে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। আকস্মিক এই বিস্ফোরণে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিপির অভিযোগ ও থানার সামনে অবস্থান: এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার পর পরই এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এমপির নেতৃত্বে নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে নাহিদ ইসলাম এমপি এই হামলার তীব্র নিন্দা জানান এবং এর পেছনে সরকার ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করলেও সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, উল্টো তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।"

পুলিশের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি: ঘটনার পর পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, এনসিপির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়