তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
তারাগঞ্জে আলোচিত সানজিদা হত্যা মামলায় ১ জন আটক

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলোচিত শিশু সানজিদা হত্যা মামলার ঘটনায় মোঃ মুজাহিদ ইসলাম (১৮) নামে একজনকে আটক করেছে তারাগঞ্জ থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুজাহিদ ইসলাম ভীমপুর কোরানিপাড়া গ্রামের বাসিন্দা। সে মোঃ সেকেন্দার আলীর ছেলে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুন) বাড়ির পাশে খেলতে গিয়ে সানজিদা আক্তার (৯) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরের দিন শনিবার (২০ জুন) দুপুরে স্থানীয় লোকজন বাড়ির নিকটবর্তী ডালিয়া ক্যানেলের পাশে একটি পাটক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে সেই পাটক্ষেত থেকে সানজিদার মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির একটি চোখ ভিতরে এবং একটি চোখ বাইরে ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, শিশুটিকে পাশবিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
এই আলোচিত ঘটনায় তারাগঞ্জ উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, সঠিক তদন্ত করে প্রকৃত আসামিকে যেন গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, 'সানজিদা হত্যা মামলার তদন্তের স্বার্থে মুজাহিদ ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে'।
পিডিএস/এমএইউ









































