reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ডেঙ্গু ঠেকাতে মাঠে টাস্ক ফোর্স, অভিযানে প্রতিমন্ত্রী

সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের অংশ হিসেবে ঢাকার গুলশানে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৪ জুন) সকাল ৯টার পর থেকে গুলশান ইয়ুথ ক্লাব ও শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় কয়েকটি ভবন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমান করা হয়।

গুলশানের সাত নম্বর রোডের ‘চয়েস রেস্টুরেন্টে’ লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি পরিদর্শিত ছয়টি ভবনের মধ্যে তিনটিতে লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালনা করা হচ্ছে। মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা মহানগরে অভিযান পরিচালনার জন্য তার নেতৃত্বে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবেই এই অভিযান শুরু হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় কমিটির সভায় প্রায় ২০টি মন্ত্রণালয়ের সচিব অংশ নেন। সেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ, প্রজননস্থল ধ্বংস এবং লার্ভা বিস্তার রোধ নিয়ে আলোচনা হয়।

অভিযানে লার্ভা ধ্বংসে দীর্ঘমেয়াদি ওষুধ ব্যবহার এবং নাগরিকদের বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা অব্যাহত রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়