বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রামপাশা ইউনিয়নের আমতৈল বাজারে নিয়মবহির্ভূতভাবে সরকারি খাস জমি ৩৯ লাখ টাকায় নিলামে বিক্রির অভিযোগ গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়।
এছাড়া দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে অবস্থিত প্ল্যানেট ওয়ান ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা সেন্টারে চলমান অসামাজিক কার্যকলাপ নিয়েও আলোচনা হয়। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলার মাদক পরিস্থিতি, পৌর শহরের তীব্র যানজট নিরসন, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা এবং মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান করেন বক্তারা।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস শহিদ, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান ও সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রমূখ।









































