দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য
দৌলতপুরে যুবদল নেতা আব্দুস সালামের বিরুদ্ধে নিন্দা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, ভিডিও বক্তব্যে আব্দুস সালাম দৌলতপুরের সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। তিনি দৌলতপুরে “কেউ সাংবাদিক নয়, সবাই রিপোর্টার” বলে মন্তব্য করার পাশাপাশি সাংবাদিকদের নিয়ে কটূক্তি করেন বলেও অভিযোগ উঠেছে।
ভিডিওতে তিনি আরও বলেন, দৌলতপুরে সাংবাদিকদের কার্যক্রম পরিচালনা করতে হলে বিএনপির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে। তার এই বক্তব্যকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার পেশাগত নীতির পরিপন্থী বলে মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিকরা।
এদিকে, সম্প্রতি দৌলতপুরে ড্রেজার বাণিজ্য এবং দৌলতপুর উপজেলা প্রেসক্লাব দখলের চেষ্টার অভিযোগ তুলে স্থানীয় সাংবাদিকরা আব্দুস সালামের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করেন। সাংবাদিকদের দাবি, ওইসব সংবাদ প্রকাশের পর থেকেই আব্দুস সালাম সাংবাদিকদের প্রতি বিরূপ মনোভাব প্রদর্শন করতে শুরু করেন। তাদের অভিযোগ, সংবাদ প্রকাশের জের ধরেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন।
এ ঘটনায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। সাংবাদিকরা বলেন, সংবাদকর্মীরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করেন এবং কোনো রাজনৈতিক দলের নির্দেশনায় সংবাদ পরিবেশন করেন না।
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ঘটনাটি নিয়ে দৌলতপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমাজের অনেকেই মনে করছেন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অবাধ সংবাদ পরিবেশনের স্বার্থে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া প্রয়োজন।









































