মোহাম্মদ হাবীব উল্যাহ্, হাজীগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জ
কর্মসংস্থান ব্যাংকের পৌনে ৫ লাখ টাকাসহ নিখোঁজ নিরাপত্তা প্রহরী

চাঁদপুরের হাজীগঞ্জে গ্রাহকের পৌনে ৫ লক্ষাধিক টাকা নিয়ে কর্মসংস্থান ব্যাংকের এক নিরাপত্তা প্রহরী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যাংকের ব্যবস্থাপক নাছিমা বেগম।
বুধবার (৩ জুলাই) বিকালে কর্মসংস্থান ব্যাংকের আলীগঞ্জ বাজার শাখার নিরাপত্তা প্রহরী বাবুল হোসেন পাটওয়ারী ৫ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা হাজীগঞ্জ বাজারের জনতা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রেব হন। এর পর থেকেই তিনি নিখোঁজ আছেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের গোলপুরা পাটোয়ারি বাড়ির সন্তান।
বাবুল হোসেন প্রতিদিনের মতো বুধবার বিকালে ব্যাংকের ঋণের কিস্তি বাবদ আদায় করা টাকা জনতা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে কর্মসংস্থান ব্যাংক থেকে বের হন। পরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি ব্যাংকে ফিরে আসেননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় বুধবার রাতেই হাজীগঞ্জ থানায় একটি জিডি করেন ব্যাংকের ব্যবস্থাপক।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাছিমা বেগমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, টাকাসহ নিরাপত্তা প্রহরি নিখোঁজ ও সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তার ছাড়া কেন নিরাপত্তাকর্মীর মাধ্যমে অন্য ব্যাংকে জমা দেওয়ার জন্য টাকা পাঠানো হলো জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের কোনো প্রশ্নের বক্তব্য দিতে তিনি রাজি হননি। তবে তিনি বলেন, ‘যেহেতু সাধারণ ডায়েরি করেছি, বিষয়টি পুলিশ দেখবে।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, নিরাপত্তা প্রহরী টাকা নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। এছাড়ও নিখোঁজ নিরাপত্তা প্রহরী বাবুলের স্ত্রীও একটি জিডি করার জন্য থানায় এসেছিলেন। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।
পিডিএস/আরডি









































