তানোর (রাজশাহী) প্রতিনিধি
তানোরে লকডাউন না মানায় ৩২ দোকান সিলগালা

রাজশাহীর তানোরে লকডাউনের শর্ত ভাঙায় ৩২ ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা ও ২৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ৎরোববার সকাল থেকে বিকাল পর্যন্ত তানোর পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সঙ্গে নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকারি আদেশ অমান্য করে তানোরে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকান সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কিন্তু কতিপয় মুনাফালোভী কাপড়, প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা সদরের গোল্লাপাড়া, কালিগঞ্জ, তালন্দ বাজারসহ কিছু স্থানে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা করছেন। এই অপরাধে ৩২টি দোকান সিলগালা ও ৪ ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও আরও জানান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হকের নেতৃত্বে তানোর উপজেলায় পৃথক আরও একটি ভ্রাম্যমাণ আদালতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
পিডিএসও/তাজ









































