চট্টগ্রাম ব্যুরো

  ২৩ মার্চ, ২০২২

চবিতে মুক্তিযুদ্ধের কার্টুন প্রদর্শনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর এবং ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের (খুলনা) উদ্যোগে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের কার্টুন প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চবি জাদুঘরের প্রদর্শনী কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধন অনুষ্ঠান। মহান স্বাধীনতা দিবস ২০২২ উদ্‌যাপন ও গণহত্যার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং সম্মানিত অতিথি ছিলেন চবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক।

উপাচার্য তার বক্তব্যে মহান স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের কার্টুন প্রদর্শনীর আয়োজন করায় আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর অঙ্কিত কার্টুন প্রদর্শনী বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজ (গতকাল) একটি ঐতিহাসিক দিন।’

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ বিশ্ব ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন কার্টুন প্রকাশিত হয়েছে। বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এসব কার্টুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। পরে উপাচার্য ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের কার্টুন প্রদর্শনীর সাফল্য কামনা করে এর উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে চবির বিভিন্ন অনুষদের ডিন, চবি শিক্ষক সমিতির নেতা, রেজিস্ট্রার, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, শিক্ষক, অফিস প্রধান, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন। প্রদর্শনী আগামী ৩১ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রায় ৫০টি কার্টুন স্থান পেয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়