​নূরনগর (নবীনগর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নূরনগর থানা বাস্তবায়নে ৭টি ইউনিয়নের শর্ত দিলেন এমপি আব্দুল মান্নান

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, "নূরনগর এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবী নূরনগরকে থানায় রূপান্তর করা। তবে শুধু একটি পুলিশ তদন্ত কেন্দ্র বা ফাঁড়ি দিয়ে এ অঞ্চলের মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমি চাই নূরনগরকে একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে দেখতে।"

​শুক্রবার (১২ জুন) নূরনগর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংসদ সদস্য তাঁর বক্তব্যে নূরনগর থানা ও উপজেলা বাস্তবায়নের আইনি ও প্রশাসনিক বাধ্যবাধকতা তুলে ধরে বলেন, "একটি এলাকাকে উপজেলা বা থানায় উন্নীত করার প্রধান পূর্বশর্ত হচ্ছে সেখানে অন্তত ৭টি ইউনিয়ন থাকতে হবে। আপনাদের পূর্বাঞ্চলের সাথে আশেপাশের ৭টি ইউনিয়নকে একত্রিত করে আমার কাছে রূপরেখা দিন। আমি ইনশাআল্লাহ সরকারের উচ্চমহলে কথা বলে আপনাদের এই ন্যায্য দাবী পূরণে আপ্রাণ চেষ্টা করব।"

​এ সময় তিনি দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আমি দল বুঝি না, রাজনীতি বুঝি না, আমি বুঝি সাধারণ মানুষের উন্নয়ন। আপনারা শিবপুর ও নূরনগরবাসী যদি একসাথে ঐক্যবদ্ধ থাকতে পারেন, তবে নূরনগর থানা ও উপজেলা বাস্তবায়ন করা আমাদের পক্ষে সহজ হবে।"

কলেজের সভাপতি মুজাম্মেল হক মাসুম এর সভাপতিত্বে বিদ্যুৎসাহী​ সদস্য মোহাম্মদ আল আমিন সরকারের সঞ্চালণায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচীব মোহাম্মদ আশরাফুল আফসার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা নূরনগরে সূর সম্রাট আলাউদ্দিন খাঁ'নামে একটি অডিটোরিয়াম নির্মাণ, কলেজের মাটি ভরাট, সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন গেট নির্মাণসহ বিভিন্ন দাবী-দাওয়া সাংসদের কাছে তুলে ধরেন। একই সাথে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধান অতিথি।

​অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়