সিরাজগঞ্জ প্রতিনিধি
স্কুলের নাশতা খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ তদন্ত কমিটি

সিরাজগঞ্জের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা নাস্তা খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে অসুস্থ শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকাল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরীনকে প্রধান করে ৫ সদস্য বিশিস্ট তদন্ত কমিটি করা হয়েছে ।
অসুস্থ শিক্ষার্থীরা হলো- রাকিবুল হাসান (তৃতীয় শ্রেণি), আতিকুর রহমান (তৃতীয় শ্রেণি), মরিয়ম খাতুন (পঞ্চম শ্রেণি), সোহান শেখ (তৃতীয় শ্রেণি), মারিয়া খাতুন (চতুর্থ শ্রেণি), আওলিয়া খাতুন (পঞ্চম শ্রেণি), তানিয়া খাতুন (তৃতীয় শ্রেণি) ও মরিয়ম খাতুন (পঞ্চম শ্রেণি)।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে দুপুরের নাস্তা হিসেবে পাউরুটি ও ডিম বিতরণ করা হয়েছিল। পাউরুটিতে অস্বাভাবিক দুর্গন্ধ ছিল। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই তাদের পেটব্যথা, বমি বমি ভাব ও শারীরিক অস্বস্তি শুরু হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, আমাদের বিদ্যালয়ে সকাল ও বিকেল- দুই শিফটে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। সকাল শিফটের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ছুটি হয় দুপুর ১২টার দিকে এবং তাদের নাস্তা দেওয়া হয়। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়। নাস্তা বিতরণের পর ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি। বিতরণ করা খাবারের নমুনাও সংগ্রহ করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
"






































