ঝিনাইদহ প্রতিনিধি
অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্য দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়খালী এলাকার ভুক্তভোগীরা এ কর্মসূচির আয়োজন করে। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ওই এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ভুক্তভোগী ডা. মিজানুর, জিয়া, বিল্লাল, হাবিব, মুসা, চানসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পে বিষয়খালী এলাকায় যে জমি অধিগ্রহণ করা হয়েছে তার সঠিক মূল্য দেওয়া হচ্ছে না। জমির দাম ৪ লাখ টাকা শতক হলেও সেই জমির দাম দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা। ওই এলাকার ২ শতাধিক জমির মালিক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাই জমির সঠিক মূল্য দেওয়ার দাবি জানান বক্তারা।
"






































