কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে শিক্ষার্থীর মৃত্যু, বিচার নিশ্চিতে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মীম আক্তারের মৃত্যুর ঘটনার প্রায় ২২ দিন পেরিয়ে গেলেও এখনো প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সুবহান বলেন, ‘আমার বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনার পর অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এর প্রভাব বিদ্যালয়ের উপস্থিতিতেও পড়েছে।’
নিহত স্কুলছাত্রীর চাচা ও মামলার বাদী আরিফ মিয়া বলেন, ‘সানোয়ারের পরিবারকে বারবার জানিয়েও আমরা বিচার পাইনি। উল্টো তারা ভয়ভীতি দেখিয়েছে। মৃত্যুর আগে মীম নিজে সানোয়ারের ব্ল্যাকমেইল ও আত্মহত্যার প্ররোচনার কথা বলে গেছে। আমরা এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সানোয়ার মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, ‘মীম আক্তারের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় কাজ করছে পুলিশ। তবে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কমলগঞ্জ ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আমরা এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
"






































