সংক্ষিপ্ত সংবাদ

ভাবনা প্রদর্শনী
শেরপুর প্রতিনিধি
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মনীষা আহমেদ। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমুখ।
সমাবেশ
ধনবাড়ী প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। বিদ্যালয়ের হলরুমে গত বৃহস্পতিবার এ সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন মিয়া, সহকারী শিক্ষক কামরুন্নাহার, কামরুন্নাহার আঁখি ও আশিফুল মাহবুব নয়ন প্রমুখ।
পুরস্কার প্রদান
হাজীগঞ্জ প্রতিনিধি
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে সুশিক্ষায় মেধাবী শিক্ষক ও উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী এই শিরোনামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের হলরুমে প্রতিযোগিতা পরিদর্শন এবং বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মমিনুল হক। উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ১১টি টিম অংশগ্রহণ করে। এর মধ্যে হাজীগঞ্জ সরকারি মডেল পাইল হাই স্কুল অ্যান্ড কলেজের দুটি টিম প্রথম ও তৃতীয় এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে। ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে মমিনুল হক এমপি বলেন, এ প্রতিযোগিতা সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত, সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে সহায়ক হবে।
মেলা
টুঙ্গিপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসাভিত্তিক উদ্যোগ প্রদর্শনের মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ মেলার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম। এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের মোট ১২টি দল অংশগ্রহণ করে। এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউএনও আল-আমিন হালদার। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার।
উদ্বোধন
বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এর আগে তিনি উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের শিক্ষার্থীদের প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মেহেদী হাসান ফারুক। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান প্রমুখ।
বৃক্ষরোপণ
রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠন-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল সকালে পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও জনসমাগমপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে স্কুল, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, ঈদগাহ মাঠ এবং সড়কের পাশে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
"







































