শাফায়েত হোসেন, বান্দরবান

  ৮ ঘণ্টা আগে

বান্দরবান

ফল ও সবজি সংরক্ষণে দ্রুত চলছে কোল্ড স্টোরেজের কাজ

বান্দরবান পার্বত্য জেলায় কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে নির্মাণাধীন ৫০ টন ধারণক্ষমতার কোল্ড স্টোরেজ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় উৎপাদিত বিপুল পরিমাণ ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য দীর্ঘদিন ধরে যথাযথ সংরক্ষণ সুবিধার অভাবে নষ্ট হয়ে আসছিল। এ সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে কোল্ড স্টোরেজ নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়। বিশেষজ্ঞদের মতে, ফলমূল ও শাকসবজিতে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পানি থাকায় এগুলো দ্রুত পচনশীল। পোকামাকড়, রোগবালাই ও পরিবেশগত নানা কারণে উৎপাদিত কৃষিপণ্যের গুণগত মান দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্যের অপচয় ঘটে। আধুনিক ও বিজ্ঞানসম্মত সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে এসব কৃষিপণ্যের পুষ্টিগুণ ও মান দীর্ঘ সময় অক্ষুণ্ণ রাখা সম্ভব।এ প্রেক্ষাপটে ২০২৩ সালের ২৪ আগস্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় তিন পার্বত্য জেলায় ৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন ফলমূল সংরক্ষণের জন্য তিনটি কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২২ আগস্ট ২০২৩ পূর্ণাঙ্গ ডিপিপি (ডিএসপি) মন্ত্রণালয়ে প্রেরণ করে। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ১৫ নভেম্বর ২০২৩ স্কিমটির প্রশাসনিক অনুমোদন প্রদান করে। ২১৫ কোটি ৫৬ লাখ টাকার প্রাক্কলিত ব্যয়ে আগস্ট ২০২৩ থেকে জুন ২০২৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়। এর মধ্যে কোল্ড স্টোরেজ নির্মাণে ১৮৫ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জুন ২০২৫ পর্যন্ত প্রকল্পে ১৪০ লাখ টাকা ব্যয় হয়েছ।

যদিও ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত অর্থের একটি অংশ ঠিকাদারকে সময়মতো পরিশোধ না হওয়ায় প্রকল্পের কাজ কিছুটা ধীরগতির হয়, বর্তমানে নির্মাণকাজ পুরোদমে চলছে। প্রকল্পের বাস্তব অগ্রগতি ইতোমধ্যে ৮০ শতাংশে পৌঁছেছে। এ পর্যন্ত জেনারেটর রুম, মেশিন রুম ও সিঁড়ির সিভিল নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ভবনের টাইলস ও রঙের কাজ চলমান রয়েছে। এছাড়া প্রি-কুলিং ও কুলিং চেম্বারে স্যান্ডউইচ প্যানেল স্থাপনের কাজ শেষ হয়েছে। বর্তমানে জেনারেটর ও কুলিং মেশিন স্থাপনের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে, প্রকল্পটি অনুমোদনের পর সরকারি ই-জিপি পদ্ধতিতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এই প্রসঙ্গে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, জুন ২০২৬-এর মধ্যেই কোল্ড স্টোরেজের নির্মাণকাজ সম্পন্ন হবে। এর ফলে বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের কৃষকরা উৎপাদিত ফলমূল দীর্ঘ সময় সংরক্ষণের সুযোগ পাবেন, কৃষিপণ্যের অপচয় কমবে, ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়