গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

গোবিন্দগঞ্জে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। পথে একই শ্রেণির ছাত্র ও কামদিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে হুমায়ুন কবির (১৮) তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক একটি অটোরিকশায় করে ওই শিক্ষার্থীকে অপহরণ করে। তারা মেয়েটিকে পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব বাহিয়াল পালশা গ্রামে শাহাজান আলীর ছেলে সাকিরুল ইসলামের বাড়িতে নিয়ে যায়।

সেখানে হুমায়ুন ও সাকিরুল ছাড়াও কামদিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অনিক মিয়া (১৮) এবং আলীগাঁও গ্রামের নুরুন্নবীর ছেলে সাব্বির মিয়া (১৯) মিলে মেয়েটিকে ধর্ষণ করে আটকে রাখে। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে এসে ভুক্তভোগী ছাত্রীটি তার বাবাকে বিষয়টি জানায়।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সাকিরুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়