যশোর প্রতিনিধি
রং মলিন, ভালোবাসা অটুট
আট বছর পরও আলোচনায় ‘ব্রাজিল বাড়ি’

আট বছর পেরিয়ে গেছে। ২০১৮ বিশ্বকাপের হলুদ-সবুজ রং এখন আর চকচকে নেই। বৃষ্টি-রোদে ধুয়ে মলিন হয়েছে ইট-পাথর। তবু যশোরের চৌগাছা শহরে ঢুকলেই মানুষ এক নামে দেখিয়ে দেয়- ওই যে, ‘ব্রাজিল বাড়ি’।
চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলায় দাঁড়িয়ে থাকা বাড়িটা জামির হোসেনের। ২০১৮ বিশ্বকাপের আগে নিজের স্বপ্নের বাড়িটাকে ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছিলেন তিনি। খরচ হয়েছিল ৭০ হাজার টাকা। একই সঙ্গে ২০ হাজার টাকায় কিনেছিলেন ৭৫টি ব্রাজিল জার্সি। সেবার ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টারেই। কিন্তু জামিরের ভালোবাসা বিদায় নেয়নি।
পাঁচনমনা গ্রামের বাসিন্দা জামির এখন ইছাপুর বটতলায় থাকেন। নিচতলায় ওয়েভ ফাউন্ডেশনের অফিস, দোতলায় তার সংসার। বাসস্ট্যান্ডে ‘ফেমাস অটো’ নামে মোটরসাইকেলের শো-রুম আছে।
‘ফুটবল ভালোবাসি। ব্রাজিল আমার আবেগ,’ বলেন জামির। সবাই তাকে ‘ব্রাজিল ভাই’ বলেই ডাকে। সেই ৭৫টা জার্সি এখনো আলমারিতে যত্ন করে রাখা। ‘এবার বিশ্বকাপে এগুলোই পরব। দুই-আড়াইশ বাইক নিয়ে শোভাযাত্রা করব,’ হাসতে হাসতে বলেন তিনি।
জামির শুধু ব্রাজিলভক্ত নন, ফুটবলের ভক্ত। ‘আর্জেন্টিনাও ভালো খেলুক। ক্রিকেটে ভারত-পাকিস্তান যেমন উত্তেজনা, ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনাও তেমন থাকুক। তবে সেটা যেন আনন্দের হয়, মারামারির না।’
রং মলিন হয়েছে, বাড়ি তিনতলা হয়েছে। কিন্তু আট বছর আগের সেই আবেগ আজও তাজা। চৌগাছার ব্রাজিল বাড়ি তাই শুধু একটা রঙিন বাড়ি না- এক ভক্তের ভালোবাসার ঠিকানা।
"






































