নওগাঁ-রানীনগর প্রতিনিধি

  ১৩ নভেম্বর, ২০১৯

রানীনগরে ব্লাস্ট রোগে মরে যাচ্ছে ধানের শিষ

নওগাঁর রানীনগরে চলতি মৌসুমে আমন ধানে ব্যাপক হারে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। এতে মরে যাচ্ছে ধানের শিষ। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছে না বলে জানান কৃষকরা। ফলে চলতি মৌসুমে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

রানীনগর উপজেলা কৃষি দফতর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান রোপণ করা হয়েছে। এসব জমিতে আতব জাতের ধানই বেশি রোপণ করা হয়েছে। আবাদের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় তেমন রোগ বালাই দেখা না দিলেও ধানের শিষ বের হওয়ার সঙ্গে সঙ্গে সেই শিষ মরে যাচ্ছে। বিভিন্ন কোম্পানির ওষুধ ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। উপজেলার মালশন, বলিদাগাছী, গিরিগ্রাম, আকনা, বাঁশবাড়িয়া ঝিনা, সিম্বা, রণসিংগার পাড়া, খট্রেশ্বর পশ্চিম মাঠ, করজগ্রাম, কালীগ্রাম, জলকৈ, নারায়ন পাড়া, শরিয়াসহ বিভিন্ন এলাকায় শত শত হেক্টর জমির ধানের শীষ মরে যাচ্ছে।

রাণীনগরের খট্রেশ্বর পশ্চিম পাড়া গ্রামের কৃষক ইদ্রিস আলী জানান, তিনি এবার ৬ বিঘা জমিতে ধান রোপন করেছেন। এর মধ্যে তিন বিঘা কাটারি ভোগের ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। ওষুধ ছিটিয়েও কোন লাভ হচ্ছেনা।

শরিয়া গ্রামের কৃষক এমরান হোসেন জানান, তার চার বিঘা জমির ধানই ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে।

নারায়ন পাড়া গ্রামের কৃষক মোশারফ হোসেন জানান, তিনি প্রায় ১৪ বিঘা জমিতে ধান রোপন করেছেন। এরমধ্যে প্রায় ৬ বিঘা জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে।

মরু পাড়া গ্রামের কৃষক সোলাইমান আলী জানান, তার প্রায় ৫/৬ বিঘা আতব ধানে ব্লাস্ট রোগ আক্রমণ করেছে। তিনবার ওষুধ ছিটিয়েও কোন ফল পাননি। ইতি মধ্যে আক্রান্ত এসব জমির প্রায় ৪০-৪৫ শতাংশ ধানের শীষ মরে গেছে বলেও জানান তিনি।

এছাড়া উপজেলার সিলমাদার, করজগ্রাম, মালসনসহ বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বললে তারা জানান, গত ইরি-বোরো মৌসুমে ধানের ফলন ভাল হলেও বাজারে দরপতনের কারনে বিঘাপ্রতি ৩/৪ হাজার টাকা করে লোকসান হয়েছে। এখনো বাজারে সন্তোষজনক দাম নেই। এর উপর আবার ব্লাস্টসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। ধানের কাঙ্খিত ফলন নিয়ে শঙ্কার কথা জানান তারা।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আবহাওয়াজনিত কারনে কিছু কিছু জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। তবে এক্ষেত্রে ক্ষতির কোন সম্ভবনা নেই ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়