ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

ভৈরবে খেলা নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রেলওয়ে স্টেশন এলাকা। এতে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌর শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর ও র‍্যাব সদস্যরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এছাড়া সংঘর্ষের জেরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল ৬ ঘণ্টা বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন কয়েকশ যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে ভৈরব শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন দুই পক্ষের যুবকদের মাঝে বাগবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকালে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় জগন্নাথপুর এলাকার ‘লিয়াম’ নামের এক যুবককে একা পেয়ে মারধর করে পঞ্চবটি এলাকার কয়েক যুবক। এ খবরটি দুই গ্রামে ছড়িয়ে পড়লে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষের শত শত মানুষ রেলওয়ে স্টেশন এলাকায় এসে সংঘর্ষে লিপ্ত হয়।

এদিকে দাঙ্গাকারীরা রেললাইনের ওপর অবস্থান নেওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বিভিন্ন স্টেশন বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে বিভিন্ন স্টেশনে একাধিক আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর ও র‍্যাব ঘটনাস্থালে গিয়ে যৌথভাবে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়