নূর ইসলাম নয়ন, দিনাজপুর

  ৫ ঘণ্টা আগে

দিনাজপুর

লিচুর বাজার জমজমাট যাচ্ছে বিদেশেও

দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচুর মৌসুমকে ঘিরে জেলায় এখন চলছে বেচাকেনার উৎসব। বিশেষ করে জিআই স্বীকৃতিপ্রাপ্ত বেদানা লিচু এবং জনপ্রিয় মাদ্রাজি লিচুর চাহিদা ও বাজারমূল্য কৃষক, ব্যবসায়ী এবং ভোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। জেলার কালিতলা নিউ মার্কেট ও গোর-এ শহীদ ময়দান এলাকায় গড়ে ওঠা পাইকারি বাজারগুলোয় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট লিচু কেনাবেচা।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দিনাজপুরের অধিকাংশ লিচু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দিনাজপুরের লিচুর চাহিদা বাড়ছে। সংশ্লিষ্টরা জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশে লিচু রপ্তানি হচ্ছে।

বর্তমানে বাজারে প্রতি শ মাদ্রাজি লিচু ৩০০ থেকে ৪০০ টাকা, বেদানা লিচু ৫০০ থেকে ৭০০ টাকা এবং চায়না-৩ জাতের লিচু ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরম ও সীমিত সরবরাহের কারণে মাদ্রাজি লিচুর দাম তুলনামূলক বেশি রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারদের চাহিদাও বাজারমূল্য বাড়াতে ভূমিকা রাখছে।

লিচু চাষিরা জানান, অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে এ বছর ফলন সন্তোষজনক হয়েছে। ফলে বাজারে ভালো দাম পাওয়ায় তারা আশাবাদী। তবে আবহাওয়ার বিরূপ প্রভাব ও পরিবহন ব্যয় বৃদ্ধির বিষয়েও উদ্বেগ রয়েছে তাদের মধ্যে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় হাজার হাজার হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রাও আশাব্যঞ্জক। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, দিনাজপুরের লিচু দেশের অর্থনীতির পাশাপাশি রপ্তানি আয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আনিসুজ্জামান বলেন, প্রতিদিন পাইকারি বাজারগুলোয় কয়েক কোটি টাকার লিচু লেনদেন হচ্ছে। দিনাজপুরের লিচু শুধু দেশের বিভিন্ন জেলায় নয়, আন্তর্জাতিক বাজারেও পরিচিতি লাভ করছে।

সুস্বাদু স্বাদ, আকর্ষণীয় রং ও দীর্ঘদিনের সুনামের কারণে দিনাজপুরের লিচু এখনো দেশের অন্যতম জনপ্রিয় মৌসুমি ফল। মৌসুমের শুরুতেই বাজারে এমন চাঙাভাব কৃষক ও ব্যবসায়ী উভয়ের মুখে হাসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়