চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
পদ্মায় ট্রাক্টর চালকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মোহাম্মদ জয় বিশ্বাস (২৪) নামে এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিজমি চাষের কাজ করার সময় হঠাৎ ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পদ্মা নদীতে পড়ে যায়।
দীর্ঘ চেষ্টার পর নদী থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয় এবং পরে চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা। তিনি গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদের কাজ করতেন।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, জয় প্রায় তিন মাস ধরে এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন পরিশ্রমী যুবক ছিলেন। চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
"







































