সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বাবার মৃত্যু সংবাদ দিতে গিয়ে ছেলের অর্ধগলিত মরদেহের সন্ধান

বাবার মৃত্যু সংবাদ ছেলেকে দিতে গিয়ে ছেলের ঝুলন্ত অর্ধগলিত মরদেহের সন্ধান পেয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উজ্জল হোসেন (৩৬) নামে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার বোনের স্বামী ও স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন উজ্জল হোসেন। এসব সমস্যার ভার সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেয়। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দমদমা এলাকায় একটি সেতুর পাশে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে বসবাস করতেন শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। কিছুদিন আগে স্ট্রোকজনিত কারণে শারীরিকভাবে অচল প্রায় ব্যক্তির ন্যায় একটি ভাঙা ঘরে দিনযাপন করতেন। তার সংসারে স্ত্রী-সন্তান থাকলেও কয়েক বছর আগে আরেকটি বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন। অপরদিকে, স্বামীর সঙ্গে ঝগড়া করে মেয়ের বাড়িতে থাকেন শাহজাহান মিয়ার স্ত্রী। শাহজাহান মিয়ার এক ছেলে জসিম উদ্দিন বর্তমানে সৌদি প্রবাসী। আরেক ছেলে উজ্জল হোসেন এক সময় প্রবাস জীবন কাটালেও দেশে এসে কয়েক বছর পূর্বে স্ত্রীকে তালাক দিয়ে একাই বসবাস করতেন। ছেলে উজ্জল হোসেন ও বাবা শাহজাহান মিয়া একই বাড়িতে বসবাস করলেও বাবা, ছেলের মাঝে কোনো বনিবনা ছিল না। এদিকে, মেয়ের জামাতা জামাল হোসেন শ্বশুরের লাশ নিয়ে এসে বাড়ির পাশে রাস্তার রেখে প্রবল ক্ষোভ নিয়ে তার শ্যালক উজ্জলকে ডাকতে যায়। শ্যালককে অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে জানালার একটি অংশ খুলতেই শ্যালক উজ্জলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
"







































