বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথে নিখোঁজের একদিন পর নদীতে মিললো মাদ্রাসা ছাত্রের মরদেহ

সিলেটের বিশ্বনাথে নিখোঁজ হওয়ার একদিন পর বাসিয়া নদী থেকে আবিদ আহমদ (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবিদ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে সিলেটের একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি কাটাতে আবিদকে বাড়িতে নিয়ে এসেছিলেন তার বাবা। গতকাল শুক্রবার বিকেলে সে ললিপপ কেনার জন্য বাসিয়া নদীর অপর পাড়ের একটি দোকানে যায়। ললিপপ নিয়ে বাড়ি ফেরার পথে নদীর ওপর থাকা বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত সে পানিতে পড়ে নিখোঁজ হয়। আজ সকালে স্থানীয়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন এবং থানা পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য সুহেল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে বাসিয়া নদীতে শিশুটির মরদেহ পাওয়া যায়। সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









































